
নিউজ ডেস্কঃ তিন মাসে ৯৫টি ছোট-বড় নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত হয়েছেন। এতে আহত হন ২৬ জন। নিহতদের মধ্যে ২২ জন নারী ও ৪৪ শিশু রয়েছে। এসব দুর্ঘটনায় নিখোঁজ হন অন্তত ৫৮ জন । নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং গ্রিন ক্লাব অব বাংলাদেশের (জিসিবি) যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে।
‘অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ দুর্ঘটনা কমলেও বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেমে নেই। যাত্রীবাহী ট্রলার বা ছোট নৌযানসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী নৌযান দুর্ঘটনা সারাবছরই ঘটছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে বিভিন্ন নৌপথে এসব দুর্ঘটনা ঘটে। ওই তিন মাসে গত আগস্টে সবচেয়ে বেশি ৪৮টি দুর্ঘটনা ঘটে। এতে ৮৬ জন নিহত হন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা যথাক্রমে ১০ ও ৩১। এ ছাড়া ছয়জন আহত ও ২৩ জন নিখোঁজ হয়। ৫ আগস্ট নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরাঞ্চলে যাত্রীবোঝাই ট্রলার ডুবে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১৮ জন নিহত হন।
গত জুলাইয়ে ৩৭টি দুর্ঘটনায় ছয় নারী ও পাঁচ শিশুসহ ৪১ জন নিহত এবং ১০ জন আহত হয়। এ ছাড়া নিখোঁজ হয় ১৭ জন। সেপ্টেম্বরে দুর্ঘটনা ঘটে ১০টি। এতে ছয় নারী ও আট শিশুসহ ২২ জন নিহত এবং ১০ জন আহত হয়। এ ছাড়া নিখোঁজ হয় ১৮ জন।