
নিউজ ডেস্কঃ শিক্ষক নিয়োগ আর কলেজ অনুমোদনের নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। অথচ এমপিওভুক্ত কলেজে ২৮ বছর ধরে বেতন পান না অনার্স-মাস্টার্স পর্যায়ের পাঁচ হাজারের বেশি শিক্ষক। মন্ত্রণালয়ের অনুমোদিত জনবল কাঠামোয় না থাকায় তাদের এমপিওভুক্তি সম্ভব নয়, বলছেন শিক্ষামন্ত্রী। ডিগ্রি কলেজগুলোতে অনার্স-মাস্টার্স কোর্সের অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অনুমোদন আর চাকরির নামে হাতিয়ে নিচ্ছেন কাড়ি কাড়ি টাকা। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের জনবল কাঠামোতে না থাকায় দীর্ঘ ২৮ বছরেও এমপিওভুক্ত হননি অনেক শিক্ষক। এমন বৈষম্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুষলেন তারা। বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, সারা বাংলাদেশে এমপিওভুক্ত কলেজগুলোতে ডিগ্রির শিক্ষকরা বেতন পান, অথচ আমরা একই পড়ানো পড়িয়ে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হই।