
নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুমমেটের ছুরিকাঘাতে আলিম উদ্দিন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর (দিঘলবন্দ) গ্রামের আব্দুর নুরের ছেলে।বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে আলাপরত অবস্থায় তার রুমের অপর বাংলাদেশি যুবকের ছুরিকাঘাতে নিহত হন তিনি।
জানা যায়, সিলেটর গোয়াইনঘাট এলাকার দুলাল মিয়া নামের এক যুবকের সঙ্গে একই বাসায় থাকতেন আলিম উদ্দিন। ঘটনার সময় ওই যুবক আলিম উদ্দিনের কাছে কিছু টাকা ধার চায়। আলিম উদ্দিন মোবাইল ফোনে ব্যস্ত থাকায় তার কথার উত্তর না দেওয়ায় পাশে থাকা ছুরি দিয়ে উপুর্যুপুরি আঘাত করে তাকে আহত করে ঘাতক দুলাল মিয়া। পরে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলিম উদ্দিন। ঘটনার পর থেকেই দুলাল মিয়া পলাতক রয়েছে বলে আলিম উদ্দিনের বাসার অন্য বাসিন্দারা জানিয়েছেন।