
নিউজ ডেস্কঃ সরকার আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে রয়েছে বলে দাবি করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সরকারের নীতিগত সহায়তা, সক্ষমতা তৈরি এবং অবকাঠামোগত উন্নয়নের ফলেই এমনটা হয়েছে বলেও দাবি করেন তিনি। বুধবার (৭ অক্টোবর) আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্প এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর যৌথ উদ্যোগে আয়োজিত আইটি-আইটিইএস খাতের ব্যবস্থাপনা পেশাজীবীদের জন্য ‘অ্যাডভান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রোফেশনাল (এসিএমপি) ৪.০ গ্রীষ্মকালিন ২০২০’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়। ঢাকার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সনদ বিতরণ করা হয়।