
নিউজ ডেস্কঃ সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রসঙ্গে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সরকারের পক্ষে দেশবাসীকে নিশ্চিত করছি এসব ঘটনার সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না। প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে এবং বিচারের কাছে সোপর্দ করা হবে। তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস তারা বিচারের মুখোমুখি হবেন এবং যার যার পাওনা তারা নিশ্চয়ই বিচার বিভাগের কাছ থেকে বুঝে নেবেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, সরকার প্রত্যেকটি ঘটনাতে কঠোর অবস্থানে রয়েছে। প্রত্যেকটি ঘটনার কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। যারা অপরাধী তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারই শেষ না, যেসব মামলা রয়েছে সেগুলোর দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দেয়া হবে। এটি হচ্ছে আইনি দায়িত্ব। তিনি আরো বলেন, পরবর্তী সময়ে বাংলাদেশের আইনে অপরাধের ধরন বুঝে অপরাধীদের কি ধরনের শাস্তি হবে সেটি আইন কর্তৃক নির্ধারিত রয়েছে। সে বিষয়টি নির্ভর করবে বিচার বিভাগের উপর। আমরা আশা করবো মাননীয় বিচারকবৃন্দ রয়েছেন, তারা যথাযথ শাস্তি নিশ্চয়ই নিশ্চিত করবেন।