
নিউজ ডেস্কঃ বেনাপোল সীমান্ত থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার আসামি নাসিমা (৫১) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় পোর্ট থানা পুলিশ তাকে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। মাদক পাচারকারী নাসিমা শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের জামাল হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়,এক নারী মাদক পাচারকারী ফেনসিডিল নিয়ে সীমান্তের গাতীপাড়া শিকড়ি পথ হয়ে বেনাপোলের দিকে আসছে। এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে ধরে। এসময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর আগেও মাদকদ্রব্যসহ তাকে আটক করে যশোর আদালতে পাঠানো হয়েছিল। কিন্তু সে জামিনে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে বলে জানায় পুলিশ।