
নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে নারী ধষর্ণ ও নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও মিছিলে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল মঙ্গলবার (০৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা পরিষদের সদস্য মানুষ নন্দী বলেন, সোমবার (০৫ অক্টোবর) পাটকল খোলার দাবিতে বামদের মিছিলে হামলা করেছে পুলিশ। ন্যাক্কারজনকভাবে পুলিশ হামলা করেছে। সে সময় তারা আমাদের নারী-কর্মীদের ওপর বেপরোয়া ও নির্লজ্জভাবে হামলা করেছে।সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ দিনের ব্যবধানে ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। গোটা জাতি হতবাক-স্তম্বিত। অনেকদিন ধরেই এই ঘটনা বাংলার বুকে ঘটে চলেছে। শাসকগোষ্ঠী এই ঘটনাগুলোর বিষয়ে দায়সারা কর্মকাণ্ড করে চলেছে।