
নিউজ ডেস্কঃ দেশের সাধারণ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সেরিব্রাল পালসি আক্রান্ত অটিস্টিক শিশুদের ভর্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতে সিআরপি আয়োজিত সেরিব্রাল পালসি ডে ২০২০ উপলক্ষে এক ভার্চয়াল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শিক্ষা উপমন্ত্রী বলেন, সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুরা শারীরিকভাবে অক্ষম হলেও বেশিরভাগ ক্ষেত্রে মানসিকভাবে সক্ষম হতে পারে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এসব শিশুদের স্বাভাবিক কাজে অংশ নেওয়ার মতো সক্ষমতা তৈরি করা সম্ভব। এসব শিশুদের সাধারণ বিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিতে হবে। আমাদের বিধিবিধান রয়েছে, তবে শিক্ষকদের এ বিষয়ে সচেতনতা নেই এবং দক্ষতা ও নেই। সে কারণে প্রশিক্ষণের জন্য ন্যাশনাল একাডেমী ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজ (নান্ড) উদ্বোধন করা হয়েছে। নান্ডে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিশেষভাবে দক্ষ শিক্ষার্থীদের ভর্তি করানোর আইনি বাধ্যবাধকতা সম্পর্কে শিক্ষকদের জানতে হবে। কীভাবে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পাশাপাশি এসব শিশুদের শিক্ষা দিতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।