
নিউজ ডেস্কঃ মানুষের চাহিদা পূরণের জন্য বাংলাদেশে পর্যাপ্ত চাল, গম, আলু, ডাল ও ভুট্টার মজুদ রয়েছে। বর্তমানে চালের যে মজুদ আছে তা দিয়ে চলতি ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশের মানুষের চাহিদা পূরণ করা সম্ভব। সোমবার (০৫ অক্টোবর) জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘কোভিড-১৯ মহামারিকালে বাংলাদেশের খাদ্য মজুদ ও বাণিজ্য’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এ তথ্য জানান। আলোচকরা জানান, গম, আলু, ভোজ্যতেল, ডাল, এবং ভুট্টার মজুদ দিয়ে আভ্যন্তরীণ চাহিদা পূরণ করা সম্ভব। ডিসেম্বরের মধ্যে নতুন ধান কৃষকের ঘরে উঠবে। ফলে দেশের ধান-চাল আমদানি করার প্রয়োজন হবে না। এফএও’র মিটিং দ্যা আন্ডার নিউট্রেশন চ্যালেঞ্জ প্রকল্পের বাজার ও বাণিজ্য নীতি উপদেষ্টা ড. মোহাম্মদ মনিরুল হাসান বলেন, ২০১৯-২০ অর্থবছরে বোরো ধানের উৎপাদন পূর্বের একই সময়ের চেয়ে ৬.৫ শতাংশ বেশি হয়েছে। একই সময়ে গমের উৎপাদন হয়েছে ১.২৪৫ মিলিয়ন মেট্রিক টন যা গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এর বাইরেও ৫.১ মিলিয়ন মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা করা হয়েছে যা দিয়ে বাংলাদেশে গমের চাহিদা সহজেই পূরণ করা সম্ভব।