
নিউজ ডেস্কঃ সংস্কারকাজ শেষে আবারও বসবাসের জন্য উন্মুক্ত হলো জাতীয় সংসদের ১ নম্বর সংসদ সদস্য ভবন। আজ রবিবার (৪ অক্টোবর) এক অনলাইন আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে এই ভবন উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ধারাবাহিকভাবে অবশিষ্ট সংসদ সদস্য ভবনগুলোকেও সংস্কার করা হবে বলেও জানান তিনি। মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কার করা ১নং সংসদ সদস্য ভবনটি দীর্ঘদিন ব্যবহারের কারণে এর বিভিন্ন উপকরণ নষ্ট হয়ে যাওয়ায় এটি সংস্কার করা হয়। ১ নম্বর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘সংসদ ভবন পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও ডিজিটালাইজেশনের ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন। সরকার প্রধানের নির্দেশনা অনুসরণ করে সংসদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হচ্ছে।’
শত কর্মব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী সংসদের আধুনিকায়নে নজর দেয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানান স্পিকার শিরীন শারমিন। স্পিকার বলেন, সংস্কার করা ভবনটি বসবাসের অত্যন্ত উপযোগীই শুধু নয়, পানি সরবরাহ ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থাপনা ইত্যাদির আধুনিকায়নের মাধ্যমে পরিবর্তন আনা হয়েছে।এ সময়, সংসদ সদস্য ভবনগুলোর সার্বিক পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার বিষয়ে সংসদ সদস্যদের ভূমিকা অনস্বীকার্য বলে জানান স্পিকার। সংস্কারকাজের সার্বিক বিষয়ে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তত্ত্বাবধান করায় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, অন্যান্য হুইপরা, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পিকার।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বক্তব্য রাখেন। এ ছাড়া উপস্থিত ছিলেন, মো. সাইফুজ্জামান এমপি, গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি, নাহিদ ইজাহার খান এমপি, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, কানিজ ফাতেমা এমপি, এনামুল হক এমপি প্রমুখ, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।