
নিউজ ডেস্কঃ বন্ধ প্রেক্ষাগৃহ চালু, সংস্কার ও নতুন প্রেক্ষাগৃহ তৈরির জন্য স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ দিতে ১ হাজার কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রোববার (০৪ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও প্রশিক্ষকদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের তিনি তথ্য জানান। সেসময় তথ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামী কয়েক বছর পর সিনেমা শিল্পে একটা বিরাট পরিবর্তন আসবে। প্রেক্ষাগৃহ সংস্কার ও আধুনিকায়ন করা, বন্ধ হয়ে যাওয়া প্রেক্ষাগৃহগুলো চালুর ব্যবস্থা করাসহ আরও অনেকগুলো নতুন প্রেক্ষাগৃহ গড়ে উঠবে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশে জাতীয় চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল ১৯৫৭ সালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিল্পের উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের পক্ষ থেকে বন্ধ প্রেক্ষাগৃহ চালু, সংস্কার ও নতুন প্রেক্ষাগৃহ তৈরি করার জন্য স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১০০০ কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।