
নিউজ ডেস্কঃ চতুর্থবারের মত কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বর্তমান ও সাবেক ফুটবলারের মাঝে। পুনরায় সুযোগ পেয়ে দেশের ফুটবলের জন্য কাজ করবেন সালাউদ্দিন, দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেবেন বর্তমান নির্বাচিত কমিটি- এমনটাই প্রত্যাশা সবার।ভোটের মাঠেই দাঁত ভাঙ্গা জবাব দিলেন কাজী সালাউদ্দিন। টানা চতুর্থবারের মত তাকে দেশের ফুটবলের মসনদের অধিপতি বানালো কাউন্সিলররা। আরও একবার সুযোগ দিল অপূর্ণ কাজ সম্পন্ন করার। সমালোচকরা নির্বাচনের আগে সালাহউদ্দিন এই দফায় নির্বাচনে জিতলে দেশের ফুটবলের চূড়ান্ত কবর রচিত হবে বলে জানিয়েছিল। কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশের পর ফুটবলাররা বলছেন, সমালোচনা নয়- এবার কাজ করতে হবে সবার কাঁধে কাঁধ মিলিয়ে।সাবেক ফুটবলার আরিফ খান জয় বলেন, 'সব সমালোচনা ভুলে একসঙ্গে এগিয়ে যেতে হবে। সবাইকে সঙ্গী করে নতুন কমিটি ফুটবলকে এগিয়ে নেবে। এটাই প্রত্যাশা।'জাতীয় দলের ফুটবলার মামুনুল ইসলাম বলেন, 'সমালোচনা করলেই সমাধান আসবে না। আলোচনার মাধ্যমে ফুটবলকে এগিয়ে নিতে হবে।'প্রতিবারের মত এবারো নির্বাচনের আগে প্রত্যাশার ফুলঝুরি ছুটিয়েছেন কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ। তবে বার বার দেশের ফুটবল সমর্থকদের আশায় হয়েছে গুঁড়ে বালি। সেই হতাশা এবার কাটাবেন। মনোযোগ দিবেন ফুটবলারদের পারিশ্রমিকে। এমনটাই চাওয়া বর্তমান ও জাতীয় দলের সাবেক ফুটবলারদের।