
নিউজ ডেস্কঃ ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থদের সহায়তা দিলেন বাগেরহাটের শরণখোলার রাসেল আহমেদ নামের এক মানবিক কর্মী। শনিবার বিকেল পাঁচটায় শরণখোলা প্রেসক্লাব চত্বরে উপজেলার বিভিন্ন এলাকার ৫০জন অসহায় মানুষের হাতে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ ও উপকরণ তুলে দেওয়া হয়। উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের রাসেল ২০১৬ সাল থেকে এভাবে দরিদ্র মানুষের সেবায় কাজ করছেন বলে জানান।
অনুদান প্রাপ্তদের মধ্যে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের রাবেয়া আক্তারকে একটি সেলাই মেশিন, উত্তর তাফালবাড়ী গ্রামের আ. হালিমকে ভ্যান কেনার জন্য পাঁচ হাজার এবং ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত চালিতাবুনিয়া গ্রামের সালমা বেগমের ঘর মেরামতের জন্য পাঁচ হাজার, তাফালবাড়ী গ্রামের খাদিজা বেগমের ঘর মেরামতের জন্য পাঁচ হাজার, রায়েন্দা বাজারের হারুন মিস্ত্রিকে দুই বান্ডিল ঢেউটিনসহ অন্যদের প্রত্যেককে ৫০০ টাকা করে দেওয়া হয়।
রাসেল আহমেদ জানান, অসহায় মানুষের সহায়তা চেয়ে তিনি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন। এর পর তার দেশ-বিদেশের ফেসবুক বন্ধু ছাড়াও হৃদয়বান ব্যক্তিরা সাড়া দেন এবং বিকাশ একাউন্টের মাধ্যমে অর্থ পাঠান। এবার তিনি মোট ৫১ হাজার ৫০০টাকা অনুদান হিসেবে পেয়েছেন। তা দিয়েই এসব উপকরণ ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে।