
নিউজ ডেস্কঃ স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের বিনামূল্যে করোনা সুরক্ষাসামগ্রী দেওয়ার ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজের (বিআইডিএস) অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। তিনি আমাদের অর্থনীতির বড় চ্যালেঞ্জ হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। প্রতি বছরে যত কর্মক্ষম মানুষ আমাদের শ্রমবাজারে প্রবেশ করে, স্বাভাবিক সময়েই তাদের কর্মসংস্থান করা সম্ভব হয় না। সেখানে করোনা ভাইরাসের কারণে লকডাউনের প্রভাবে অনেক মানুষ কাজ হারিয়ে বেকার হয়। বিশেষ করে শ্রমজীবী মানুষ, দিনমজুর, রাস্তার পাশের ছোট দোকানদার, ফুটপাতে বিভিন্ন জিনিসের ব্যবসা করা লোকজন, রিকশাচালক, ফেরিওয়ালাসহ অনেকেই।
‘বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তারা আবার কাজে ফিরতে চেষ্টা করছেন। বলার অপেক্ষা রাখে না শ্রমজীবী মানুষদের কাজে ফেরাটা ইতিবাচক। ’তিনি বলেন, করোনাকালীন লকডাউনের সময়ে আমরা দেখেছি দারিদ্র্যের হার বেড়ে যাওয়ার প্রবণতা। এর কারণ হচ্ছে সেই সময় মানুষের টাকা-পয়সা উপার্জনের কোনো উপায় ছিল না। ফলে অনেকেই নতুন করে দরিদ্র হয়েছে। তাই এসব মানুষের কর্মসংস্থানে ফেরার অর্থ হচ্ছে করোনাকালীন দারিদ্র্যের ওপর যে অতিরিক্ত চাপ পড়েছিল, সেই অবস্থা থেকে কিছুটা স্বস্তি আসবে।