
নিউজ ডেস্কঃ চাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অপরাধে ৭০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার (০১ অক্টোবর) অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন সারাদেশে চাল, পেঁয়াজ, আদা ও আলুসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কী না তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গড়মিল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল পণ্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৭০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকিকালে চাল ও পেঁয়াজের মূল্য কারসাজি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সে সঙ্গে অযথা আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার জন্য ভোক্তা সাধারণকে অনুরোধ করা হয়। এছাড়া টিসিবি কর্তৃক ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়। রাজধানীর ঢাকা মহানগরীর মিরপুর শাহ আলী বাজার, মিরপুর ৬নং বাজার, মিরপুর ১০ নম্বর ফকির বাড়ী বাজার, কাওরান বাজার, উত্তর বাড্ডা বাজার, মধ্য বাড্ডা বাজার, মেরুল বাড্ডা বাজার, খিলগাঁও তালতলা বাজার, খিলগাঁও রেলগেইট বাজার ও রামপুরা বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক রজবী নাহার রজনী, তাহমিনা বেগম, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মাগফুর রহমান । এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।