
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে ঋণের সাপ্তাহিক কিস্তির টাকা আদায় করতে গিয়ে দুর্বৃত্তের হাতে প্রাণ হারিয়েছেন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নূরুজ্জামান লাল্টু (৪৫)। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর দফাদার পাড়া এলাকার একটি বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নূরুজ্জামান লাল্টু উপজেলার কামালপুর গ্রামের মৃত মতলেব কাজীর ছেলে।পুলিশ জানায়, নূরুজ্জামান লাল্টু বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফিলিপনগর এলাকায় সাপ্তাহিক ঋণের কিস্তির টাকা আদায় করতে যান। কয়েকটি বাড়ি থেকে কিস্তির টাকা আদায়ের পর দফাদার পাড়া এলাকার মমিন দফাদারের কাছে টাকা আদায়ে তার বাড়ি যান লাল্টু। এ সময় মমিন ব্যাংক সুপারভাইজার লাল্টুকে বাড়ির ভেতর ডেকে নিয়ে যায়। তিনি কিস্তির টাকা না দিয়ে উল্টো লাল্টুর কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মমিন ধারালো অস্ত্র দিয়ে লাল্টুর গলায় উপর্যুপরি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ঘাতক মমিন ব্যাংক কর্মকর্তার মৃতদেহ বাড়ির সৌচাগারে রেখে ঘরে তালা লাগিয়ে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান।