
নিউজ ডেস্কঃ মাদক বহনের দায়ে নেত্রকোনার কলমাকান্দায় দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক যুবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে মাদকসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ের সাজা দেয়া হয়। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।সাজাপ্রাপ্ত ওই দুই যুবক হলেন- নেত্রকোনার বারহাট্টা উপজেলার গরমা গ্রামের মো. কালাচাঁন মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩৩) ও কলমাকান্দা উপজেলার লেংগুরার ফুলবাড়ী গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে মো. হারিজ উদ্দিন (১৯)। এছাড়া অর্থদণ্ডপ্রাপ্ত যুবক হলেন উপজেলার লেংগুরা ফুলবাড়ী গ্রামের আলমাস মিয়ার ছেলে আজাদ মিয়া (২১)।জানা যায়, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) লেংগুরার সদস্যরা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ী এলাকা থেকে ওই তিন যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুই বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাদের কলমাকান্দা থানা পুলিশের মাধ্যমে রাতেই উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়।