
নিউজ ডেস্কঃ বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের ভিসা ও ইকামার (কাজের বৈধ অনুমতিপত্র) মেয়াদ বাড়ানোর কোনো ঘোষণা দেয়নি সৌদি সরকার (৩০ সেপ্টেম্বর)। ফলে প্রবাসীদের ভিসা ও ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো অনিশ্চিত হয়ে পড়েছে। আর ইকামার মেয়াদ না থাকলে রি-এন্ট্রি ভিসা দেয় না সৌদি সরকার। ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে বেশিরভাগ কর্মীর বর্ধিত ভিসা ও ইকামার মেয়াদ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরবে যাদের কর্মসংস্থান আছে কিন্তু করোনাকালে দেশে আসার পর ভিসার মেয়াদ পেরিয়ে গেছে তাদের আবারও ভিসা নিয়েই দেশটিতে ফিরতে হবে। ফলে বাংলাদেশে অবস্থানরত প্রায় ২৫ হাজার সৌদি প্রবাসীকে পুনরায় ভিসা নিতে হবে।এ বিষয়ে ঢাকা থেকে সৌদির বিষয় বাংলাদেশ দূতাবাসের কাছে জানতে চেয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দূতাবাস মন্ত্রণালয়কে জানিয়েছে, সাধারণত এ ধরনের কোনো ঘোষণা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় না। বাংলাদেশিদের ক্ষেত্রে ইকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়ে দেওয়া হবে এমন কোনো ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অদ্যাবধি পাওয়া যায়নি। এভাবে সরকারের তরফ থেকে ইকামা কিংবা ভিসার মেয়াদ বৃদ্ধির অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়াটি সর্বোচ্চ কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থা ও টেকনিক্যাল অথরিটির মাধ্যমে হয়ে থাকে।