
নিউজ ডেস্কঃ মাগুরায় গত রোববার দেয়াল চাপার ঘটনায় আহত শাকিল নামে আরো এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত দেড়টায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় তিন জনের মৃত্যু হলো। গত রোববার শহরের কলেজ পাড়ার হাজি সাহেব রোডে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ চলাকালীন বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় এক বাসিন্দার রাস্তা সংলগ্ন বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সেখানে কর্মরত নির্মাণ শ্রমিকদের গায়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার অভিযান চালায়। এ সময় রোমান নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। আহত হন অপর তিন শ্রমিক। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় দুপুরে আহতদের মধ্যে রাসেল নামে আরও একজন মারা যায়। এছাড়া আহত রমজান (২২), শাকিলকে (২৩) প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় শাকিলকে ঢাকায় নেওয়া হলে বুধবার সেখানেই তার মৃত্যু হয়। নিহত শাকিল মাগুরা সদর উপজেরার আলিধানি গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে।