
নিউজ ডেস্কঃ যুবলীগ নেতার মামলায় সাক্ষ্য না দেওয়ায় রাসেল আমিন (৪৮) নামে এক টাইলস মিস্ত্রিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন থেকে তুলে নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সীমান্তবর্তী ছয়ানী ইউনিয়নের আমিরপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে বেগমগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।রাসেল আমিন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর গ্রামের নজম উদ্দিন পাঠোয়ারী বাড়ির তছির আহমেদের ছেলে।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রিয়াজ বর্তমানে দু’টি মামলায় জেলে রয়েছে। তার একটি মামলায় সাক্ষী ছিলো রাসেল। রিয়াজ খারাপ প্রকৃতির লোক হওয়ায় রাসেল ওই মামলায় সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করে।