
নিউজ ডেস্কঃ কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (৩০ সেপ্টেম্বর) এই শোক প্রকাশ করেন তিনি। শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যু সংবাদ জানতে পেরে গভীরভাবে শোকাহত হয়েছি।’কুয়েতের আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। এ সময় প্রধানমন্ত্রী কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।প্রধানমন্ত্রী আরও বলেন, আবেগাক্রান্ত ও শোকবিহ্বল হওয়া সত্ত্বেও তিনি সদ্যস্বাধীন বাংলাদেশের প্রাথমিক দিনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কুয়েতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আমিরের মধ্যে আস্থা ও ভ্রাতৃত্বের ভিত্তিতে সম্পর্কের কথা অতীব অনুরাগের সাথে স্মরণ করেন। তার চমৎকার আলোচনার দক্ষতা এবং সর্বজনীন গ্রহণযোগ্যতার কারণে জাতির পিতা একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশেষত মুসলিম উম্মাহর কাছ থেকে বাংলাদেশের পক্ষে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হন।