
নিউজ ডেস্কঃ সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে গণধর্ষণের ঘটনায় করা মামলার ছয় নম্বর আসামি মাহফুজুর রহমান মাছুমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে আসামিকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ (র.) থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য্য। শুনানি শেষে আদালতের বিচারক সাইফুর রহমান তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেট নগর পুলিশের সহকারী কমিশনার (এসি প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, এ দিন দুপুর সাড়ে ১২টার দিকে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। এ নিয়ে মামলায় গ্রেফতার হওয়া আট আসামির মধ্যে সাতজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মামলার তিন নম্বর আসামি মাহবুবুর রহমান রনি (২৫), আসামি রাজন ও তার সহযোগী আইনুলের এবং গত সোমবার (২৮ সেপ্টেম্বর) মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও চার নম্বর আসামি অর্জুন লস্কর ও পাঁচ নম্বর আসামি রবিউল ইসলামেরও পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।