
নিউজ ডেস্কঃ সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধু গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানসহ দু'জনকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। গ্রেফতারকৃত বাকি চার আসামিকে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আদালতে তোলা হবে। এদিকে সাইফুর রহমানসহ দুই আসামিকে আদালতে নেয়ার সময় স্লোগান দিয়ে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেন সাধারণ মানুষ।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে আদালতে হাজির করা হয় এম সি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও চতুর্থ আসামি অর্জুন লস্করকে। এ সময় আদালত প্রাঙ্গণে ধিক্কার দিয়ে স্লোগানে ফেটে পড়েন উৎসুক জনতা।মাত্র ১০ মিনিট শুনানি শেষে রাষ্ট্রপক্ষের সাত দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিট্রেট সাইফুর রহমান এ দুজনকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, ধর্ষণ মামলায় সাইফুর ও অর্জুন লস্করের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।