
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির সদস্য রবিউল আওয়াল রিজনকে গ্রেফতার করেছে র্যাব-৮।রোববার সন্ধ্যায় র্যাব-৮’এর মাদারীপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতার রবিউল আওয়াল রিজন (২৭) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পার্বতীপুর এলাকার আব্দুল মমিন মন্ডলের ছেলে।র্যাব-৮ জানায়, গত ১৫ জুন মাদারীপুরের রাজৈরের ঘোষালকান্দি থেকে গ্রেফতার হয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার সদস্য খোকন মিয়া (২৭)। এ ঘটনায় র্যাব বাদি হয়ে রাজৈর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পরে খোকনকে থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার অধিকতর তদন্তে অভিযানে নামে র্যাব। এরই পরিপ্রেক্ষিতে রোববার রাজধানীর মোহাম্মপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য রবিউল আওয়াল রিজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।