News71.com
 Bangladesh
 27 Sep 20, 10:11 PM
 304           
 0
 27 Sep 20, 10:11 PM

ভার্চ্যুয়াল কোর্টে ৫০ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে॥ আইনমন্ত্রী

ভার্চ্যুয়াল কোর্টে ৫০ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে॥ আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিচার বিভাগে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকার কথা উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে শনিবার পর্যন্ত ৫০ হাজারের অধিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। কারাগারগুলোতে ওভার পপুলেশনের সমস্যা নিরসন করা হয়েছে। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে ভার্চ্যুয়াল কোর্টের অনেক সাফল্য পাওয়া গেছে। ভার্চ্যুয়াল কোর্টকে আরো সাফল্যমণ্ডিত করতে গেলে বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণ প্রয়োজন। রোববার (২৭ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত আট তলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ভার্চ্যুয়াল কোর্টকে আরো সাফল্য মণ্ডিত করার জন্য প্রধান বিচারপতি যে সব পদক্ষেপ নিয়েছেন তাতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আইসিটি বিভাগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুই হাজার ৮০০ কোটি টাকার ই-জুডিসিয়ারি প্রকল্প নেওয়া হচ্ছে, যা এখন পরিকল্পনা কমিশনে আছে। এ প্রকল্প কিছুদিনের মধ্যে একনেক মিটিংয়ে উঠবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ৩১ লাখ মামলার জট থাকবে না। গত ১২ বছরে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনা যতটা সক্রিয় ছিলেন তার পাশাপাশি সহযোগিতা করেছে বিচার বিভাগ। এই সহযোগিতা এবং বিচার বিভাগের কাজ যেভাবে চলছে সেভাবে চলতে থাকলে নিশ্চিত বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল হবে। আনিসুল হক বলেন, ৩১ লাখ মামলাজট নিয়ে সরকার অত্যন্ত সজাগ। এ জট নিরসন করা হবে। এ জট নিরসনের জন্য সরকার অবকাঠামো নির্মাণের পাশাপাশি আদালত সংখ্যা বাড়াচ্ছে, বিচারকের সংখ্যা বাড়াচ্ছে এবং তাদের প্রশিক্ষণ দিয়ে তৈরি কর করা হচ্ছে। তাছাড়া সরকার আইনি সহায়তা কার্যক্রমকে এখন ইউনিয়ন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন