
নিউজ ডেস্কঃ অতি সংকটাপন্ন জটিল রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে 'ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার'। যেখানে আইসিইউসহ একই ছাদের নিচে মিলবে সব বিভাগের সব ধরনের সেবা। ২৪ ঘণ্টা এ সেবা চালুর ফলে রোগীদের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে সেবা প্রক্রিয়া। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যাসহ নানা সীমাবদ্ধতার করণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসার রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের।প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় নানা ওয়ার্ডে। এতে এ ওয়ার্ড সেই ওয়ার্ড দৌড়াদৌড়ি করতে করতে জটিল রোগীর মৃত্যুসহ পড়তে হয় নানা হয়রানিতে। এ অবস্থায় রোগী ভোগান্তি কমাতে জরুরি বিভাগ ও ক্যাজুয়াল্টি ওয়ার্ডকে নিয়ে একই ছাদের নিচে চালু হতে যাচ্ছে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার। যেটি স্থানান্তর করা হবে নতুন ভবনে। যেখানে থাকবে পরীক্ষা-নিরীক্ষা, এইচডিইউ ও আইসিইউসহ সব বিভাগের চিকিৎসা সেবা। চমেক রেসিডেন্স সার্জন ডা. মঈন উদ্দীন মাহমুদ বলেন, 'ইমার্জেন্সি ডিপার্টমেন্টে মেডিসিন, সার্জারি, গাইনোকলজিস্ট, অর্থপেডিক্স ও কার্ডিওলজি বিষয়ের কনসালটেন্ট থাকবেন। উনাদের আন্ডারেই রোগীরা অবজারবেশনে থাকতে পারবেন। ওখানেই এক্স-রে মেশিন থাকবে, ওখানেই রক্ত পরীক্ষা করা হবে।'