
নিউজ ডেস্কঃ গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) এ ঘটনায় পুলিশ বেদগর্ভ গ্রামের ইমন মোল্লা, সিরাজ মোল্লা, এনায়েত হোসেন মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। এরআগে, মঙ্গলবার রাতের ওই হামলার ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই আরিফুল ইসলাম, নারী কনস্টেবল হাফিজা আক্তার ও ভোলার লালমোহন থানার কনস্টেবল মিরাজ হোসেন আহত হন। এ ঘটনায় লালমোহন থাকার এক উপপরিদর্শক বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার এসআই অহিদ মিয়া । লালমোহন থানার উপপরিদর্শক ও অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, লালমোহন বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে গত ৯ সেপ্টেম্বর অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ওই দিনই লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গৌরনদী মডেল থানা পুলিশের সহযোগীতায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য গৌরনদী উপজেলার বেদগর্ভ গ্রামে অভিযান চালান তারা। অপহৃত ছাত্রীকে উদ্ধার করে থানায় ফেরার পথে অপহরণকারী ইমন মোল্লার নেতৃত্বে ১০/১২ জন দুর্বৃত্ত অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে একজন এসআইসহ পুলিশের তিন সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে, তাদেরসহ মোট ১০/১১ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন বলে জানান গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার।