
নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুরে শুরু হয়েছে মনিপুরি ইলিশের চাষ। মাছটি দেখতে মাথার অংশ ইলিশের মতো আর পেছনের অংশ পুটি মাছের মতো, কিন্তু স্বাদ ও গন্ধে পুরোটাই ইলিশ। অনেকে মাছটিকে পেংবা বলেও চেনেন। তবে নতুন জাত হওয়ায় বাজার মূল্য কত হবে তা নিয়ে চিন্তিত মৎস্যচাষীরা। তারা আশা করছেন ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে পারলেই তারা লাভবান হবে। ইলিশের সংকটে জামাই ষষ্টিতে এই মাছের ব্যাপক চাহিদা থাকে। মিঠাপানিতে উৎপাদিত এই মাছ বাজারে পর্যাপ্ত আমদানি হলে ইলিশের চাহিদা অনেকটা পূরণ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জানা গেছে, মহেশপুর উপজেলায় পান্তাপাড়া গ্রামের আলিউজ্জামান প্রথম এই মনিপুরি ইলিশটি তাদের এলাকায় নিয়ে আসেন। এর পূর্বে কেউ এই মাছের চাষ সম্পর্কে বুঝতেন না। উপজেলার বাশবাড়িয়া ও পান্তাপাড়া ইউনিয়নের তিনটি গ্রামে প্রায় অর্ধশত পুকুরে ১২ লাখ পোনা ছাড়া হয়েছে। ২ মাস পূর্বে পোনা ছেড়ে আশা করছেন ৭ থেকে ৮ মাস বয়স হলেই বাজারে তুলতে পারবেন তারা। মৎস্য চাষী আলিউজ্জামান জানান, বাংলাদেশে এবারই প্রথম পেংবা বা মনিপুরি ইলিশের চাষ হচ্ছে। তিনি ময়মনসিংহ থেকে এই মাছের পোনা আমদানি করেন। মাছটি ভারতের মনিপুরি রাজ্যে চাষ হচ্ছে কয়েক বছর ধরে। প্রতিটি বাচ্চা মাছ ১ টাকা ৫৫ পয়সা করে কিনতে হয়েছে। পুকুরে পোনা ছাড়ার সময় কেজিতে ৫ হাজার বাচ্চা ছিল, যা গত দেড় মাসে অনেকটা বড় হয়েছে। বর্তমানে ৩৫টি মাছে এক কেজি ওজন হচ্ছে।