
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানানের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম। বৈঠকে ছুটিতে থাকা বাংলাদেশি কর্মীদের কাজে যোগদান, অবৈধদের বৈধতা প্রদান, শ্রম কল্যাণ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। তিনি করোনা পরিস্থিতির শিকার হয়ে বাংলাদেশি কর্মীকে নিজ দেশে ফেরত না পাঠিয়ে নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ প্রদান করায় ধন্যবাদ জানান। হাইকমিশনার বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশি কর্মীদের বেতন প্রদান, ছাটাই না করা এবং সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি করোনা নিয়ন্ত্রণের সফলতার জন্য মালয়েশিয়া সরকারের প্রশংসা করেন।
মন্ত্রী বাংলাদেশে দৃঢ়তার সাথে করোনা মোকাবেলায় নেতৃত্ব প্রদান এবং বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের বিশেষ আর্থিক সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। হাইকমিশনার মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটিতে যাওয়া বাংলাদেশি কর্মী যাদের ভিসা আছে এবং ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের সকলকে কাজে যোগাদানের জন্য মালয়েশিয়া প্রবেশের অনুমতি প্রদানের জন্য অনুরোধ করেন। সে প্রেক্ষিতে মন্ত্রী বলেন ছুটিতে থাকা বাংলাদেশি কর্মীরা যাতে কাজে যোগ দিতে পারে সে বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত জানাবে।