
নিউজ ডেস্কঃ ১২ কোটির বেশি টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার যমুনা ব্যাংক বগুড়া শাখার সাবেক ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) সওগাত আরমানের দুই স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ ও একজনের ফ্ল্যাট ক্রোক করা হয়েছে। এছাড়া তার বান্ধবী ব্যাংকের প্রধান কার্যালয়ের ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট নিগার সুলতানার ব্যাংক হিসাব জব্দ হয়েছে। তদন্ত কর্মকর্তা দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ নরেশ চন্দ্র সরকার সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে আদেশ দেন।
দুদকের স্পেশাল পিপি আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করেছেন। এজাহার সূত্রে জানা যায়, সওগাত আরমান রংপুর জেলা সদরের কামালকাসনা এলাকার মোহতাছিম বিল্লাহর ছেলে। তিনি ২০১৭ সালের ১১ অক্টোবর যমুনা ব্যাংক বগুড়া শাখায় ব্যবস্থাপক পদে যোগ দেন। তিনি কর্মরত থাকাকালে বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে অন্যের ব্যাংক হিসাবে ১২ কোটি ১৬ লাখ টাকা স্থানান্তর করেন। এরমধ্যে তার বড় স্ত্রী জহুরা সেতারা খানমের যমুনা ব্যাংক রংপুর শাখার ৮টি হিসাবে প্রায় ৪০ লাখ, দ্বিতীয় স্ত্রী নাজিয়া জাহানের নামে ওয়ান ব্যাংক বগুড়া শাখায় ৩৯ লাখ ৮৭ হাজার ও বান্ধবী যমুনা ব্যাংক ঢাকায় প্রধান কার্যালয়ের ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট নিগার সুলতানার মার্কেন্টাইল ব্যাংক ঢাকা প্রধান শাখায় প্রায় ৫০ লাখ টাকা জমা করেন। এছাড়া দ্বিতীয় স্ত্রী নাজিয়া জাহানের নামে বগুড়া শহরের কাটনারপাড়ায় একটি ফ্ল্যাট কেনেন।