
নিউজ ডেস্কঃ পহেলা অক্টোবর থেকে সৌদি আরবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে পারবে বাংলাদেশ বিমান। দেশটি এমন তথ্য জানালেও এখনও দেয়া হয়নি ল্যান্ডিংয়ের অনুমতি। যা না পাওয়ায় এখনই আসন বরাদ্দ শুরু করতে পারছেনা বিমান কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের থাকতে হচ্ছে অপেক্ষায়। বাংলাদেশ বিমান জানিয়েছে, ল্যান্ডিং পারমিশন পাওয়ার সঙ্গেই ঘোষণা করা হবে ফ্লাইট শিডিউল, যা সব পক্ষকেই জানানো হবে। ফ্লাইট শিডিউল ঘোষণার আগে বিমানের কাউন্টারগুলোতে অহেতুক ভিড় না করার জন্যও যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে বিমান। এছাড়া প্রাথমিকভাবে যে সব যাত্রীর কাছে সৌদি আরব যাওয়ার টিকিট রয়েছে কেবল তাদের জন্যই বরাদ্দ করা হবে আসন। আপাতত নতুন টিকিট বিক্রি করা হবে না জানিয়ে কর্তৃপক্ষ বলছে, আসন বরাদ্দের সব তথ্য পাওয়া যাবে বিমানের অফিসিয়াল ওয়েবসাইটে।