
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৩ জন জেলে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জন জেলেকে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টের অদূরবর্তী সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন, শহরের বাঁকখালী নদীর মোহনা থেকে সাগরে মাছ শিকারের জন্য ১৫ জন জেলে নিয়ে একটি ট্রলার রওনা হয়। বিকেলে ট্রলারটি লাবণী পয়েন্টের অদূরবর্তী সাগরে পৌঁছালে হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া পড়ে ডুবি যায়। এরপর সাঁতার কেটে দুই জন জেলে উপকূলের কাছাকাছি চলে আসলে পরে তাদের লাইফ গার্ডকর্মী ও ট্যুরিস্ট পুলিশ জীবিত উদ্ধার করে। তারপর তাদের দেয়া তথ্য অনুযায়ী, জেড স্ক্রী ও স্পিডবোট নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে সৈকতের লাবণী, সুগন্ধা ও শৈবাল পয়েন্ট থেকে আরও ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ১২ জনই বাড়িতে ফিরে গেছে। জেড স্ক্রী ও স্পিডবোট নিয়ে লাইফ গার্ড কর্মী এবং ট্যুরিস্ট পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার।