
নিউজ ডেস্কঃ কক্সবাজারের সেন্টমার্টিনে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বিএন। তিনি বলেন, ‘রবিবার ভোরে মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হকের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল সেন্টমার্টিন এলাকায় অবস্থান নেয়।
কিছুক্ষণ পর একটি কাঠের ট্রলার আসতে দেখলে থামানোর সংকেত দেয় তারা। ইয়াবা পাচারকারীরা সংকেত না মেনে পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে একটি ট্রলার এবং এক রোহিঙ্গাসহ ৬ বাংলাদেশিকে আটক করেন। এ সময় ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, ‘ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকাসহ আটক ৭ মাদক পাচারকারীকে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’