
নিউজ ডেস্কঃ শিগগিরই নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম হেলিপোর্ট টার্মিনাল। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই কাওলায় প্রায় ১শ বিঘার ওপর নির্মিত হবে এই হেলিপোর্ট টার্মিনাল। আন্তর্জাতিক মানের এই হেলিপোর্ট নির্মাণ করতে ইতোমধ্যে পরামর্শকও নিয়োগ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক কর্মকর্তারা বলছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর লাগোয়া দক্ষিণে রেললাইনের পূর্ব পাশে বেবিচকের নিজস্ব জমিতেই হেলিপোর্ট টার্মিনাল নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৫শ কোটি টাকা। টার্মিনাল নির্মিত হলে ৮০টি হেলিকপ্টার একসঙ্গে অবস্থান করতে পারবে। এভিয়েশন বিশ্লেষকরা বলেছেন, অসহনীয় যানজট এড়াতে সামর্থ্যবান ব্যবসায়ী, চলচ্চিত্র নির্মাতা, হাসপাতাল মালিক ও বিদেশি বিনিয়োগকারীরা বিকল্প পথ খুঁজছে। এর ধারাবাহিকতায় করপোরেট লেভেলে বাড়েছ হেলিকপ্টারের ব্যবহার। ফলে হেলিপোর্ট নির্মাণ করা সময়োপযোগী পদক্ষেপ। জানা গেছে, সিনেমার শ্যুটিং, রাজনৈতিক সভা সমাবেশে অংশগ্রহণ, রোগী আনা নেওয়া, বিভিন্ন কোম্পানির বোর্ড মিটিং থেকে শুরু করে ঢাকায় আসা-যাওয়ায় ব্যবহার হচ্ছে হেলিকপ্টার। কিন্তু প্রতিবার উড্ডয়নের জন্য বেবিচক থেকে অনুমতি নিতে হয়। কিন্তু হেলিপোর্ট নির্মিত হলে প্রতিবার আর অনুমতি নিতে হবে না।