
নিউজ ডেস্কঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৪৯ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। প্রায় সাড়ে তিন বছরের অধিক সময় পর এ কমিটি ঘোষণা করা হলো। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংগঠনের মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি ও আবদুল কাদির ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেন। ২০১৬ সালের ২৭ অক্টোবর সদ্য প্রয়াত শফিউল বারী বাবুকে সভাপতি ও জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছিলো। কমিটির অন্য সদস্যরা সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি গোলাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরেজ জামান এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী। গত ২৮ জুলাই শফিউল বারী বাবু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ওই পদে সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগ দেয়া হয়।