News71.com
 Bangladesh
 19 Sep 20, 12:19 PM
 258           
 0
 19 Sep 20, 12:19 PM

ইউএনও বদলি নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই॥প্রতিমন্ত্রী

ইউএনও বদলি নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই॥প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ কেন্দ্রীয়ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলি নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। তিনি বলেছেন, প্রশাসনকে বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে বিভাগীয় কমিশনার অফিস থেকে ইউএনওদের বদলির দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে বদলির কোনো উদ্যোগ নেই। সম্প্রতি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর দুর্বৃত্তদের হামলার পর বিভাগীয় কমিশনার অফিস থেকে ইউএনও বদলির নিয়ন্ত্রণ কেন্দ্রীয়ভাবে করার বিষয়ে আলোচনা তৈরি হয়। ইউএনও এবং এসিল্যান্ডদের বদলি ও পদায়নের ক্ষমতা বিভাগীয় কমিশনার অফিস থেকে কেন্দ্রীয়ভাবে করার আলোচনা চলছিল। প্রশাসনের মধ্য থেকেই এ দাবি ওঠে। ইউএনও-এসিল্যান্ড বা সহকারী কমিশনারদের (ভূমি) বদলি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফিরে আসবে বলেও গুঞ্জন চলছে। কর্মকর্তারা জানান, মাঠ প্রশাসনে গতি আনা এবং জনবল ব্যবস্থাপনার লক্ষ্যে ১০ বছর আগে বিভাগীয় কমিশনারদের হাতে দেওয়া হয় ইউএনও-এসিল্যান্ডদের বদলির ক্ষমতা। ২০১০ সালের ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের ক্ষমতাবলে ইউএনও পদায়ন ও বদলির ক্ষমতা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিশনারদের হাতে আসে। তার আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে ছিল এ ক্ষমতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন