
নিউজ ডেস্কঃ অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গেল সপ্তাহে পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত। এতে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায় দ্বিগুণের বেশি। তবে ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের আগেই বাংলাদেশের স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা হয় শত শত ট্রাক ভর্তি পেঁয়াজ। রপ্তানি বন্ধের সিদ্ধান্তের নির্দেশ দেয়ার পর, এলসি, গেটপাসসহ প্রয়োজনীয় কাগজপত্র হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ সরবরাহ করার পরও ব্যবসায়ীদের এসব পেঁয়াজ আটকে দেয় ভারত। এবার আটকে পড়া এসব পেঁয়াজ ছাড় করার অনুমতি দিয়েছে ভারতীয় সরকার। শনিবার থেকে এসব পেঁয়াজ হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রবেশ করবে বলে জানানো হয়েছে। তবে গত সোমবার বা তার আগে চালান করা হয়েছে এমন পণ্যই শুধু অনুমোদনের আওতা ভূক্ত হবে। সোমবারের পরে এলসি করা বা চালান করা পণ্য এই নির্দেশনার আওতা ভূক্ত নয়। তাই বাংলাদেশের ব্যবসায়ীদের এলসি করা যে সকল পেঁয়াজ পচে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে তার মধ্যে কিছু সংখ্যক পেঁয়াজ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে।