
নিউজ ডেস্কঃ প্রায় ৫ মাস পর শতভাগ যাত্রী নিয়ে যাত্রার প্রথম দিনেই যাত্রী সংকটে ভুগেছে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন। সাধারণ যাত্রীরা রেলের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত না থাকায় ভিড় ছিল না চট্টগ্রাম রেলস্টেশনে। যার প্রভাব পড়েছে বিভিন্ন অঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে কাউন্টারে শুরু হয় টিকিট বিক্রি। আর অনলাইনে শুরু হয় ভোর ৬টা থেকে। সূত্র জানায়, শতভাগ টিকিটের মধ্যে ৫০ শতাংশ কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে প্রথম দিনে এ দুটি মাধ্যমে টিকিট বিক্রি হয়েছে ৬০ শতাংশেরও কম। সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেসে ৮৯৯টি আসন থাকলেও যাত্রী শূন্য ছিল ৪৬৬টি আসন। একই অবস্থা ছিল সকাল ৯টায় সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া পাহাড়িকা, বিকাল ৫টা ২০ মিনিটে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া মেঘনা ও সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া চট্টলা এক্সপ্রেস ও বিকাল ৫টার সোনার বাংলা ট্রেনে। পাহাড়িকা ট্রেনে ৬২৬টি আসনের মধ্যে ফাঁকা ছিল ২৪৭টি, মেঘনা এক্সপ্রেসে ৯২৯টি আসনের মধ্যে ফাঁকা ছিল ২৬৪টি, সোনার বাংলা ট্রেনে ৫৮৪টি আসনের মধ্যে ফাঁকা ছিল ২৯০টি এবং চট্টলা এক্সপ্রেসে ৫৭৯টি আসনের মধ্যে ফাঁকা ছিল ১০৪টি