
নিউজ ডেস্কঃ প্রেমের টানে কাঁটাতারের বাধা অতিক্রম করে সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসেছে মঞ্জুরা বেগম (২০) নামের এক ভারতীয় তরুণী। এদিকে বিনা পাসপোর্টে এদেশে আসায় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তিনি ভারতের আসাম প্রদেশের কামরুক জেলার চাংসারি থানার টাপার পাথার গ্রামের মুগুর আলীর মেয়ে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বর্ডার পার হয়ে বাংলাদেশ চলে আসেন তিনি। জানা যায়, পাঁচ বছর আগে মামলার আসামি হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের আসামে গিয়েছিল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুস সাত্তার (২৭)। সেখানে সাত্তারের সঙ্গে পরিচয় হয় ভারতের আসাম প্রদেশের কামরুক জেলার চাংসারি থানার টাপার পাথার গ্রামের মুগুর আলীর মেয়ে মঞ্জুরা বেগমের। গড়ে ওঠে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। সাত্তার দেশে ফিরে আসার পর মোবাইল/ইমো ও ফেসবুক ম্যাসেঞ্জারে চলে তাদের প্রেমের সম্পর্ক। দীর্ঘ ৫ বছর পর প্রেমের টানে মঞ্জুরা বেগম ছুটে এসেছেন বাংলাদেশে।