
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজনে, বিশেষ করে উদ্বাস্তুদের জন্য তহবিল বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জি-২০ এর কাছে জোরালো সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘এফ-২০ ক্লাইমেট সলিউশন উইক’ এর ‘রেজিলেন্স অ্যান্ড রিকভারি: হাইলাইটিং সলিউশন ফর দ্য জি-২০ অন ক্লাইমেট অ্যান্ড সাসটেইনাবিলিটি’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের ভার্চ্যুয়াল সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। এফ-২০ এবং কিং খালেদ ফাউন্ডেশন যৌথভাবে এই সপ্তাহের আয়োজন করে। ভার্চ্যুয়াল সভায় শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন তহবিল বৃদ্ধি করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জি-২০-এর কাছ থেকে শক্তিশালী সমর্থন কামনা করছি। তিনি বলেন, বাস্তুচ্যুত অথবা জলবায়ু শরণার্থী ইস্যুতে বৈশ্বিক সমর্থন যোগাতে জি-২০ কে বৃহত্তর দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) এবং স্বল্পোন্নত দেশসমূহ তহবিলের (এলডিসিএফ) মতো বৈশ্বিক অর্থায়ন তহবিলে মারাত্মক সম্পদ ঘাটতি অত্যন্ত দুঃখজনক।