
নিউজ ডেস্কঃ বেশি দামে পিয়াজ বিক্রি করায় গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলার ৬ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়। অভিযানে সহযোগিতা করে গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা। গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশি পিয়াজ ৫৮ টাকা কেজি দরে কিনে ৮০ টাকায় ও ভারতের পিয়াজ ৪৬ টাকায় কিনে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন ব্যবসায়ীরা।
প্রথমে অভিযান পরিচালনা করা হয় জেলার সবচেয়ে বড় কাঁচাবাজারের আড়ৎ পুরাতন বাজারে। এখানে চার ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে একজনকে ১০ হাজার টাকা, দুইজনকে ৫ হাজার টাকা করে ও আরেকজনকে ৩ হাজার টাকা। এরপর অভিযান পরিচালনা করা হয় জেলা শহরের আরেক কাঁচাবাজারের আড়ৎ নতুন বাজারে। এখানেও বেশি দামে পিয়াজ বিক্রি করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা ও শেষে অভিযান পরিচালনা করা হয় সাদুল্লাপুর উপজেলা শহরের প্রধান কাঁচাবাজারের আড়ৎ সাদুল্লাপুর বাজারে। এখানে অভিযান পরিচালনা করে একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয় ২ হাজার টাকা।