
নিউজ ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানী ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের তৃতীয় সভায় তিনি এই তথ্য জানান। নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে এই বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি গঠন করেন। মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কমিটির সভাপতি হিসেবে করপোরেশনের সাধারণ আসনের ২৪ নং ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদের নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে করতালির মাধ্যমে তাতে সম্মতি জানান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাধারণ আসন ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম, ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম, ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মীর হোসেন মীরু এবং সংরক্ষিত আসনের ৬ নং ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নং ১৬,১৭,২১) নারগীস মাহতাব, ৫ নং ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নং ১৩,১৯,২০) রোকসানা ইসলাম চামেলী, ২২ নং ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নং ৬৭,৬৮,৬৯) মাহাফুজা আক্তার। পরিষদ নবগঠিত স্ট্যান্ডিং কমিটিকে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা, সাইক্লিং প্রতিযোগিতা, নৌকা বাইচ প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসব আয়োজনের প্রাথমিক দায়িত্ব অর্পণ করেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসময় বলেন, 'নতুন স্ট্যান্ডিং কমিটির ওপর অর্পিত দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করতে সক্ষম হবেন বলে আমি আশাবাদী। বোস্টন ম্যারাথন বললে বিশ্ববাসী যেমন বোস্টন শহরকে কল্পনায় ফুটিয়ে তোলেন, তেমনি মুজিববর্ষে আপনারা ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা, সাইক্লিং প্রতিযোগিতা, নৌকা বাইচ ও ঘুড়ি উৎসবের সফল আয়োজনের মাধ্যমে ঢাকা শহর ও ঢাকাবাসীকে বিশ্ব পরিমণ্ডলে পৌঁছে দেবেন বলে আমি বিশ্বাস করি।'