
নিউজ ডেস্কঃ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে এমন ঘোষণা আসতে না আসতেই আবারও অস্থির হয়ে উঠেছে দেশের বাজার। এক রাতের ব্যবধানে রাজধানী ঢাকার আড়তগুলোতে কেজিতে ৩০ টাকা বেড়েছে এই নিত্যপণ্যের দাম। প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। আর ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। প্রতিকেজির পাইকারি দাম পড়ছে ৫৫ থেকে ৬০ টাকা। শুধু যে দাম বাড়তি দামের কারণেই পাইকারকরা নাকাল তা নয়, অনেক আড়তদার আবার এরইমধ্যে বিক্রিও বন্ধ করে দিয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে অভ্যন্তরীণ চাহিদা বিপরীতে যোগান ঠিক রাখতে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়। এর পরপর থেকেই দেশের বাজারে হুহু করে বাড়ছে পেঁয়াজের দাম। রাজধানী ঢাকার বাজার যেন আরও এক কাঠি সরেস। পুরান ঢাকার শ্যামবাজারের পাইকারি আড়তগুলো পেঁয়াজে ভরপুর থাকলেও সময় যত যাচ্ছে, বাড়ছে দাম। এদিকে, দাম বাড়তে শুরু করায় ক্রেতাদের মধ্যেও বেড়েছে প্রয়োজনের অতিরিক্ত কেনার প্রবণতা। পাইকারি ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট সৃষ্টির করার অপচেষ্টা করছেন আড়তদাররা। দাম বাড়া নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের।