
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারির এই পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় “চিন্তা-ভাবনা করছে” বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নে এবিষয়ে কথা বলেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কিনা, এই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “(মন্ত্রিপরিষদ বিভাগের) লেটেস্ট যে সার্কুলার, তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছি। কারণ এখন আর সেন্ট্রালি অত বড় এমবার্গো দেওয়ার মত অবস্থা নেই।
”
আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর দিয়ে দিয়েছি। তারা চিন্তা-ভাবনা করছে কী করা যায়। কওমি মাদ্রাসাও খুলে দেওয়া হয়েছে।” উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে। কোভিড-১৯ এর কারণে এবারের পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা নেবে না সরকার। এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে আছে।