
নিউজ ডেস্কঃ অবৈধ ক্যাসিনো পরিচালনা করে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় আনুমানিক ১৯৫ কোটি টাকা পাচার করেছেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। অবৈধভাবে এই পরিমাণ টাকা বিদেশে পাচারের তথ্য প্রমাণের ভিত্তিতে সম্রাটের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির অর্গানাইজ ক্রাইম বিভাগের ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের সহকারী পরিদর্শক (এসআই) রাশেদুর রহমান বাদী হয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর রমনা থানায় মামলাটি (নম্বর- ১৪) দায়ের করেন। রোববার রাতে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত সম্রাট কাকরাইলের বাসায় অবস্থান করে বিভিন্ন অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ ও আয়ের উৎস গোপন করতে তার সহযোগী আসামি মো. এনামুল হক আমানের (৫৬) সহায়তায় বিদেশে পাচার করেন। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় আনুমানিক ১৯৫ কোটি টাকা পাচার করেছেন বলে সিআইডির অনুসন্ধানে তথ্য-প্রমাণ মিলেছে। এই প্রেক্ষিতে তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।