
নিউজ ডেস্কঃ রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের অস্ত্র মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে সাক্ষ্য দেন তারা। এর মাধ্যমে রাষ্ট্রপক্ষে মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। এদিন পুলিশ পরিদর্শক তপন চন্দ্র শাহ, সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম ও হাসান মাহমুদ। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আদালত। গত ২৭ আগস্ট একই আদালত এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। ওইদিনই এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। গত ১০ সেপ্টেম্বর মামলার বাদী ডিবির পরিদর্শক এস এম গাফফারুল আলমের জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শরু হয়। গত ৩০ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট শাখায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. শায়রুল এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৩ আগস্ট মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুলফিকার হায়াত।