News71.com
 Bangladesh
 14 Sep 20, 08:10 AM
 235           
 0
 14 Sep 20, 08:10 AM

বিলুপ্ত হচ্ছে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’

বিলুপ্ত হচ্ছে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’

 

নিউজ ডেস্কঃ দেশের পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’ বিলুপ্ত হতে যাচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে বিলুপ্ত করে সরকার নতুন করে গঠন করছে ‘বাংলাদেশ পানিসম্পদ অধিদফতর’। একইসঙ্গে বিলুপ্ত হয়ে যাচ্ছে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০’। ভিন্ন আইনে পরিচালিত হবে বাংলাদেশ পানিসম্পদ অধিদফতর। এজন্য প্রণয়ন করা হচ্ছে ‘বাংলাদেশ পানিসম্পদ অধিদফতর আইন- ২০২০’ নামে নতুন আইন। ইতোমধ্যেই এ আইনের মুল খসড়া প্রায় চূড়ান্ত করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। এখন আইনের খুঁটিনাটি চূড়ান্ত করার কাজ চলছে। সব ঠিক থাকলে এ বছরের শেষ দিকে পানি উন্নয়ন বোর্ডকে পানিসম্পদ অধিদফতরে রূপান্তরের কাজ শেষ হবে। পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

জানা গেছে, ১৯৫৪ এবং ১৯৫৫ সালের ভয়াবহ বন্যার পর বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে খাদ্য উৎপাদন বাড়ানের লক্ষ্যে জাতিসংঘের অধীনে গঠিত ‘ক্রুগ মিশন’ এর সুপারিশক্রমে এ অঞ্চলের পানিসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য ১৯৫৯ সালে পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিওয়াপদা) গঠন করা হয়। বর্তমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ইপিওয়াপদা’র পানি উইং হিসেবে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করে কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় প্রধান সংস্থা হিসেবে কার্যক্রম শুরু করে। স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নং: ৫৯ মোতাবেক ইপিওয়াপদা’র পানি অংশ একই ম্যান্ডেন্ট নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) হিসেবে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে সংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিকতায় জাতীয় পানি নীতি ১৯৯৯ এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাপাউবো আইন, ২০০০ প্রণয়ন করা হয়। এ আইনের আওতায় মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রণালয়’র নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট পানি পরিষদের মাধ্যমে বোর্ডের শীর্ষ নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনা পরিচালিত  হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন