
নিউজ ডেস্কঃ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা অর্জনে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, উন্নত দেশের কাতারে যেতে আমাদের দুইবছর, পাঁচবছর এমনকি শতবর্ষী পরিকল্পনাও রয়েছে। এসব পরিকল্পনার সফল বাস্তবায়নের মধ্যদিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারবো আমরা।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে রুপকল্প ২০৪১ বাস্তবায়ন বিষয়ক এক সভায় একথা বলেন তিনি। সভায় পরিকল্পনা কমিশনের জ্যেষ্ঠ সচিব ড. শামসুল আলম জানান, রুপকল্প ২০৪১ সাল বাস্তবায়িত হলে মাথাপিছু আয় সাড়ে ১২ হাজার ডলার ছাড়িয়ে যাবে। এইসময়ে জিডিপির প্রবৃদ্ধি দাঁড়াবে নয় দশমিক নয় শতাংশে। এছাড়া ২০৩১ সালের মধ্যে দেশে চরম দারিদ্র্যের অবসান এবং আর ২০৪১ সালের মধ্যম দারিদ্রের হার ৩ শতাংশে নামিয়ে আনা হবে। জনসংখ্যার বৃদ্ধির হার ২০৩১ সালের মধ্যে ১ শতাংশে নিয়ে আসা এবং ২০৪১ সাল পর্যন্ত এই হারই ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান শামসুল আলম।