
নিউজ ডেস্কঃ নগরীর ষোলো থানাকে দালাল মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। প্রয়োজনে নিজ কার্যালয়ে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে থানাগুলোর কার্যক্রম মনিটরিং করার'ও অঙ্গীকার করেছেন তিনি।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি কমিশনার হিসাবে দায়িত্ব নেয়ার ৩ দিনের মাথায় মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব ঘোষণা দেন। এছাড়া সিএমপিতে কর্মরতদের পেশাদারিত্বের বাইরে কোনো কর্মকাণ্ডে না জড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে আয়োজিত এ অনুষ্ঠানে থানাকে দালালমুক্ত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, ‘প্রতিটি থানায় গুরুত্বপূর্ণ অংশে তিন থেকে চারটি ক্যামেরা থাকবে। আমার অফিস থেকে মনিটরিং করা হবে। থানায় যে কে আসল, কে গেল সেটা মনিটরিং করা হবে। তবে থানা তো পাবলিক অফিস, এখানে যে কেউ আসতে পারে। আমরা খেয়াল রাখব যে, থানায় যাতে আইনের বাইরে ব্যক্তির প্রভাবে কোনো কাজ না হয়।’‘পুলিশের সেবার মূল কেন্দ্র হচ্ছে থানা। সেগুলোকে আমরা নিবিড় মনিটরিংয়ের আওতায় আনব। ডিজিটালাইজেশন করা হবে। ভুক্তভোগীরা যাতে নিবিড়ভাবে সেবা পান, সেটা আমরা অবশ্যই মনিটরিং করব। এছাড়া পুলিশের পেট্রোলিংকে আরও বেগবান করার জন্য যা যা দরকার সেটা করার চেষ্টা করব।’