
নিউজ ডেস্কঃ অনলাইনভিত্তিক সবধরনের বাণিজ্যিক কার্যক্রম শিগগিরই কড়া নজরদারির মধ্যে আসবে বলে জানিয়েছেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান। করোনাকালে অনলাইন প্লাটফর্মগুলোর বিক্রি বাড়লেও আস্থার সংকট কাটছে না। তাই ক্রেতাদের আস্থা ফেরাতেই এই উদ্যোগে নেয়ার কথা জানিয়ে সরকারের এই সংস্থাটি। করোনাকালের প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক কার্যক্রমের নানা তথ্য-উপাত্তে দেখা যায়, করোনায় স্থবির অর্থনীতিতেও জমজমাট ই-কমার্স ব্যবসা। কারও সর্বনাশ হলে কারও তো পৌষ মাস হবেই। যেন বহু বছর ধরে চলে আসা এই প্রবাদটিরই সত্যতার আবারও প্রমাণ করে দিল এবারের করোনা মহামারি। এই ভাইরাসের ধাক্কায় দেশের বড় ও প্রতিষ্ঠিত শিল্প-সেবা খাত যখন বিপর্যস্ত, তখন উল্টো চিত্র ই-কর্মাস ব্যবসায়।উদ্যোক্তারা বলছেন, স্বাভাবিক সময়ের চেয়ে অনলাইনে পণ্য বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি। ওয়েব পেইজে পণ্য তালিকায় যুক্ত হচ্ছে নিত্য নতুন আইটেম।করোনাকালীন ক্রেতা চাহিদা থাকায় চাল-ডাল থেকে পোশাক কিংবা সুরক্ষা সামগ্রী- সবকিছুই বিক্রি করছে অনলাইন প্রতিষ্ঠানগুলো। পণ্যভেদে দেয়া হচ্ছে মূল্যছাড় কিংবা আর্কষণীয় অফার। ডিজিটাল মাধ্যমে অর্থ পরিশোধে ক্রেতারা পাচ্ছেন ক্যাশব্যাক সুবিধাও। ই-ক্যাবের ধারণা, চলতি বছর অনলাইন কেনাকাটায় লেনদেনের পরিমাণ ছাড়াতে পারে আট হাজার কোটি টাকা।